ঈদের ১৫ দিনের মধ্যে এমপিওভুক্তির আল্টিমেটাম: জাতীয় প্রেসক্লাবে নন-এমপিও শিক্ষকদের মানববন্ধন




​নিজস্ব প্রতিবেদক, ঢাকা | ১১ মার্চ, ২০২৬

​সারাদেশের সকল নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির একদফা দাবিতে আজ বুধবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে 'সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদ'। মানববন্ধন শেষে সংগঠনের একটি প্রতিনিধি দল নবনিযুক্ত শিক্ষা সচিবের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

​বক্তব্য ও মূল দাবি

​মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান সমন্বয়ক প্রিন্সিপাল মো: সেলিম মিয়া। তিনি তার বক্তব্যে হুশিয়ারি উচ্চারণ করে বলেন, "আমাদের জন্য বরাদ্দকৃত টাকা অন্য খাতে খরচ করা অন্যায়। দেশের শিক্ষার উন্নয়নে নন-এমপিও প্রতিষ্ঠান এমপিওভুক্তি এখন সময়ের দাবি। আগামী পবিত্র ঈদুল ফিতরের পর ১৫ দিনের মধ্যে দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।"

​সংগঠনের মুখ্য সমন্বয়ক অধ্যক্ষ মো: নাজমুস শাহাদাত আজাদী বলেন, "আমরা ২০-২৫ বছর যাবৎ চরম বৈষম্যের শিকার হচ্ছি। বর্তমান সরকারের কাছে আমাদের জোরালো দাবি, দ্রুত এই বৈষম্য দূর করে মানবেতর জীবনযাপন করা শিক্ষকদের মুখে হাসি ফোটান।"

​রাজনৈতিক বৈষম্যের অভিযোগ

​সাংগঠনিক সমন্বয়ক অধ্যক্ষ মো: মনিমুল হক বলেন, "বিগত সময়ে রাজনৈতিক কারণে অনেক যোগ্য প্রতিষ্ঠানকে বঞ্চিত রাখা হয়েছিল। কিন্তু আমরা বর্তমান সরকারের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করছি এবং আশা করছি দ্রুততম সময়ে সকল নন-এমপিও প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হবে।"

​যুগ্ম সাংগঠনিক সমন্বয়ক অধ্যক্ষ মো: ইমরান বিন সোলায়মান অতীতের নির্যাতনের কথা স্মরণ করে বলেন, "আমরা রাজপথে দিনের পর দিন অবস্থান কর্মসূচি পালন করেছি, পুলিশের নির্যাতনের শিকার হয়েছি। এখন সময় এসেছে ন্যায্য পাওনা বুঝিয়ে দেওয়ার।"



​স্মারকলিপি প্রদান

​মানববন্ধন শেষে নেতৃবৃন্দ শিক্ষা মন্ত্রণালয়ে গিয়ে নবনিযুক্ত সচিবের সাথে সাক্ষাৎ করেন। তারা জানান, বিগত সরকারের আমলে স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে যাচাই-বাছাই করে যে তালিকা প্রস্তুত করা হয়েছিল, সেই তালিকা অনুযায়ী দ্রুত প্রজ্ঞাপন জারি করতে হবে।

​সমন্বয়ক অধ্যক্ষ আব্দুস সালাম এবং অধ্যক্ষ বাকী বিল্লাহ জানান, বেতন-ভাতা ছাড়া ২০-২৫ বছর চাকরি করা পৃথিবীর ইতিহাসে বিরল। তারা আশা করেন, সরকার মানবিক দিক বিবেচনা করে দ্রুত ব্যবস্থা নেবে।

​উক্ত মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সমন্বয়ক অধ্যক্ষ আফতাবুল আলম, প্রভাষক কবির উদ্দিন, হাবিবুর রহমান বাবুল, গোলাম মোস্তফা, মোবারক হোসেন ও জাহিদ হোসেনসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শতশত শিক্ষক-কর্মচারী।

Post a Comment

0 Comments